Banner 320x50

ডাকসুর চ্যারিটি কনসার্টে সিগারেট বিতরণ নিয়ে তীব্র সমালোচনা

 শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয় চ্যারিটি কনসার্ট ‘কুয়াশার গান’। মহৎ উদ্যোগে আয়োজিত এই কনসার্ট ঘিরে উৎসাহ থাকলেও বিনা মূল্যে সিগারেট বিতরণ এবং কিছু স্লোগানকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছে আয়োজকরা।


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ‘স্পিরিটস অব জুলাই’-এর যৌথ উদ্যোগে আয়োজিত কনসার্টে পারফর্ম করেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদসহ জনপ্রিয় ব্যান্ড চিরকুট, আভাস, অ্যাশেজ ও কৃষ্ণপক্ষ। দর্শকরা সংগীত পরিবেশনায় মুগ্ধ হলেও আয়োজনে ঘটে যাওয়া কিছু ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। 

অনুষ্ঠানস্থলের মঞ্চের বাম পাশে, নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্থানের পেছনে একটি স্টল থেকে বিনা মূল্যে সিগারেট বিতরণ করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। 

তাঁদের দাবি, এ ধরনের কার্যক্রম ধূমপান নিরোধ আইনের পরিপন্থী এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

এ ছাড়া কনসার্ট চলাকালে গণভোটের পক্ষে স্লোগান দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

সামাজিকমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

সমালোচনার প্রেক্ষিতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি পোস্টে সামগ্রিক ব্যবস্থাপনার ত্রুটি এবং সিগারেট বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগের আয়োজন হলেও বিতর্কিত এসব ঘটনায় ডাকসুর আয়োজন ও দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.